জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে কৃষি উন্নয়নে কাজ করার আহ্বান মন্ত্রীর

জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে কৃষি উন্নয়নে কাজ করার আহ্বান মন্ত্রীর

অর্থ বাণিজ্য ডেস্ক

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশের সামগ্রিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। তিনি বলেন, ১৬ জুলাই রংপুরের পীরগঞ্জ উপজেলার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের শাহাদাৎ বরণ ছিল বিগত ১৭ বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই আত্মত্যাগের ধারাবাহিকতায় ৫ আগস্ট অর্জিত হয় ছাত্র-জনতার চূড়ান্ত বিজয়।

শুক্রবার বিকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে সরকারের গৃহীত কৃষি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা। স্থানীয় কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের একটি বিশেষ ধাপ আজ সম্পন্ন হলো।

দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের প্রত্যাশা প্রসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, গণতন্ত্রে জনমতের কোনো বিকল্প নেই। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কোনো দলই একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে পারে না। জনগণের ইচ্ছাই রাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হওয়া উচিত। দেশের স্বার্থে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যখনই কোনো পক্ষ জনগণের অর্জিত স্বাধীনতা বা অধিকারকে কুক্ষিগত করার চেষ্টা করেছে, তখনই তাদের ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে।

রাজনৈতিক দলীয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের অধিকারের লড়াইয়ে অবিচল। বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম এবং তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের নির্বাসন সত্ত্বেও দলের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই দেশের মানুষকে দমিয়ে রাখতে পারবে না। তিনি দলীয় নেতাকর্মীদের মাঠে থেকে জনসেবায় মনোনিবেশ করার নির্দেশ দেন।

অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। কৃষি প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করে তোলা এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ঘটানো বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানানো হয়।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুজ্জামান এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে মন্ত্রী সরাসরি প্রান্তিক কৃষকদের হাতে উন্নত জাতের ফলদ ও বনজ গাছের চারা এবং কৃষি উপকরণ সামগ্রী তুলে দেন। কৃষি উপকরণ বিতরণের এই কর্মসূচি স্থানীয় পর্যায়ে কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জাতীয় শীর্ষ সংবাদ