বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের

শিক্ষা ডেস্ক

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে সৌদি আরব। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূত জানান, দেশটির সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে বার্ষিক ৫০০টি বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই উদ্যোগের বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। শিক্ষার পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও বৈঠকে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়ন এবং মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন সৌদি রাষ্ট্রদূত।

দুই দেশের পারস্পরিক সহযোগিতার অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে প্রবাসী জনশক্তির বিষয়টি আলোচনায় উঠে আসে। বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৮ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন, যারা দেশটির অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একই সঙ্গে এই প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণে ভূমিকা রাখছে। বৈঠকে সৌদি শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ আরও বৃদ্ধি করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান পদ্ধতিগত জটিলতাসমূহ নিরসন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী প্রেরণের বিষয়ে দুই পক্ষ ঐকমত্য পোষণ করেছে।

বৈঠকে ধর্মীয় ও সাংস্কৃতিক মেলবন্ধনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে হজ ও ওমরাহ ব্যবস্থাপনার বিষয়েও আলোকপাত করা হয়। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো অন্বেষণের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। সৌদি প্রতিনিধিদল বাংলাদেশের নতুন সরকারের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করার আগ্রহ প্রকাশ করে।

সৌদি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস অ্যাম্বাসেডর খালিদ সাঈদ এম. আল হাদাল এবং ডেপুটি হেড অব দ্য কনসুলার সেকশন মুহাম্মদ ফাহাদ ধি. আল সুহাইমি।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবের এই শিক্ষাবৃত্তি কর্মসূচি বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি ও ইসলামিক শিক্ষায় সৌদি আরবের উন্নত অবকাঠামোগত সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদে রূপান্তরিত হতে পারবে। এছাড়া শ্রমবাজারের পদ্ধতিগত সংস্কার এবং দ্বিপক্ষীয় সম্পর্কের এই নতুন মাত্রা ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ রক্ষায় এবং অংশীদারিত্বের ভিত্তিতে সামনের দিনগুলোতে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।

জাতীয় শীর্ষ সংবাদ