নীলফামারীতে মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ নিহত ২, আহত ১২

নীলফামারীতে মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ নিহত ২, আহত ১২

অপরাধ ডেস্ক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সী শিশু সন্তান জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। রিয়াদ এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নীলফামারী সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে বরযাত্রীসহ প্রায় ১৫ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি বরের বাড়ির উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে রাত ৩টার দিকে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জীবন ইসলাম ও রিয়াদ ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অন্য ১২ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসটির চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে এলাকায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে দ্রুতগতি কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

জাতীয় শীর্ষ সংবাদ