শীতলক্ষ্যায় দায়িত্ব পালনকালে নিখোঁজ ডুবুরির মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যায় দায়িত্ব পালনকালে নিখোঁজ ডুবুরির মরদেহ উদ্ধার

অপরাধ ও নিরাপত্তা ডেস্ক

পেশাগত দায়িত্ব পালনকালে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ হওয়ার আট ঘণ্টা পর ফায়ার সার্ভিসের চৌকস ডুবুরি সাদিকের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাস্থল থেকে অদূরে কেরোসিন ঘাট এলাকা থেকে তার নিথর দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের তিন সদস্যের একটি দল শীতলক্ষ্যা নদীর নিতাইগঞ্জ ফায়ার ঘাট এলাকায় জমে থাকা কচুরিপানা পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় স্পিডবোটের সামনের অংশে অবস্থান করছিলেন ডুবুরি সাদিক। হঠাৎ নদীর ঢেউয়ের তোড়ে ভারসাম্য হারিয়ে তিনি পানিতে পড়ে যান এবং তাৎক্ষণিকভাবে নিখোঁজ হন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সাদিক একজন অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত ডুবুরি ছিলেন। উদ্ধার তৎপরতা চালানো সহকর্মীদের প্রাথমিক ধারণা, পানিতে পড়ার সময় মাথায় গুরুতর কোনো আঘাত পাওয়ার ফলে তিনি আর ভেসে উঠতে পারেননি। উদ্ধার অভিযানের পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত সাদিকের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে। ২০২১ সালে ফায়ার সার্ভিসে যোগদানের পর ২০২২ সাল থেকে তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানে অসামান্য সাহসিকতা ও দক্ষতার পরিচয় দেওয়ায় গত বছর তিনি ‘সেরা ডুবুরি’ হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা ও পদক অর্জন করেছিলেন। সাম্প্রতিক সময়ে সিদ্ধিরগঞ্জের একটি লেকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় সাদিক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ২০২৪ সালের আগস্ট মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রী সাদিয়ার সঙ্গে নারায়ণগঞ্জ শহরের ডালপট্টি এলাকায় বসবাস করছিলেন তিনি। আকস্মিক এই মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন। সাদিকের মৃত্যুতে ফায়ার সার্ভিস পরিবারে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। সহকর্মীরা তাকে একজন নিবেদিতপ্রাণ ও সাহসী উদ্ধারকর্মী হিসেবে স্মরণ করছেন।

শীর্ষ সংবাদ সারাদেশ