ব্যাংকক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড গেলেন আইজিপি

ব্যাংকক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড গেলেন আইজিপি

অপরাধ ডেস্ক

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) আলী হোসেন ফকির স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ মোকাবিলা বিষয়ক এক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রবিবার বিকালে তিনি ঢাকা ত্যাগ করেন। আগামী ২০ থেকে ২১ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

রয়্যাল থাই পুলিশের সহযোগিতায় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এই সম্মেলনের আয়োজন করেছে। বর্তমান সময়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাইবার অপরাধ, মানবপাচার এবং স্ক্যাম সেন্টার কম্পাউন্ডের মতো আন্তঃদেশীয় অপরাধী চক্রের তৎপরতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে আয়োজিত এই সম্মেলনে অপরাধ মোকাবিলায় কার্যকর অপারেশনাল সমন্বয়, সমন্বিত কৌশল প্রণয়ন এবং যৌথ উদ্যোগ গ্রহণের উপায় নিয়ে বিশদ আলোচনা করা হবে।

সম্মেলনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে তথ্যের আদান-প্রদান এবং অপরাধী চক্রের নেটওয়ার্ক ভাঙার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হবে বলে ধারণা করা হচ্ছে। স্ক্যাম সেন্টারগুলোর কার্যক্রম এবং ক্রমবর্ধমান আন্তঃদেশীয় অপরাধের ঝুঁকি নিয়ন্ত্রণে একটি কার্যকর ও সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যেই মূলত এই শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি হিসেবে আইজিপি আলী হোসেন ফকির এই সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি রয়্যাল থাই পুলিশের প্রধানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। উক্ত বৈঠকে দুই দেশের পুলিশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে আন্তঃদেশীয় অপরাধ দমনে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্মেলন শেষে আগামী ২২ জুলাই আইজিপি আলী হোসেন ফকির দেশে ফিরবেন। আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং সাইবারসহ বিভিন্ন আন্তঃদেশীয় অপরাধ দমনে এই সম্মেলনের সিদ্ধান্ত ও অভিজ্ঞতা বাংলাদেশ পুলিশের কর্মপরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আইন আদালত শীর্ষ সংবাদ