সমাজ ও ক্রীড়া ডেস্ক
তরুণসমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে খেলাধুলা এবং সৃজনশীল কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি সুস্থ, মানবিক এবং সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই।
রবিবার রাজধানীর শহীদ ফারহান ফাইয়াজ প্লে গ্রাউন্ড মাঠে ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মাদকের ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করতে গিয়ে মন্ত্রী বলেন, মাদক বর্তমান সমাজব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই নেতিবাচক প্রভাব থেকে যুবসমাজকে দূরে রাখতে হলে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা বাড়ানো জরুরি। একইসঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করে মন্ত্রী বলেন, মাঠের খেলায় শিক্ষার্থীরা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি করেছে। জয়-পরাজয় বড় কথা নয়, বরং দর্শক হিসেবে সবাই খেলাটি যেভাবে উপভোগ করেছে, তা অত্যন্ত ইতিবাচক। খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতাই বাড়ায় না, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলার মনোভাব তৈরি করে।
টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ ছিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ফুটবল ম্যাচ। তাদের খেলা দেখে অভিভূত হয়ে মন্ত্রী বলেন, অদম্য ইচ্ছাশক্তির কাছে কোনো বাধাই যে বড় নয়, তা এই বিশেষ শিশুদের পারফরম্যান্স আবারও প্রমাণ করেছে। তাদের এই অংশগ্রহণ অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে মন্ত্রী অংশগ্রহণকারী দুই দলকে ব্যক্তিগতভাবে মোট দুই লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। প্রতিটি দলকে এক লাখ টাকা করে এই আর্থিক সহায়তার উদ্দেশ্য হলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহ প্রদান করা।
উল্লেখ্য, আয়োজকরা জানিয়েছেন, মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দেওয়া এবং তরুণদের মাঠমুখী করার উদ্দেশ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আন্তঃযোগাযোগ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই ছিল এই আয়োজনের লক্ষ্য। অনুষ্ঠানে ক্রীড়াবিদ, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


