২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার টাকা

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার টাকা

 জাতীয় ডেস্ক

আগামী বছর (২০২৭ সাল) পবিত্র হজ পালনের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পৃথক দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এই হজ প্যাকেজ ঘোষণা করেন। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় সাধারণ ও সাশ্রয়ী দুটি এবং বেসরকারিভাবে একটি সাধারণ হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-১ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ প্যাকেজের হজযাত্রীরা মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা পাবেন। এছাড়া মিনায় তাঁবু বরাদ্দ ও মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহসহ অন্যান্য সেবা নিশ্চিত করা হবে। অন্যদিকে, সরকারি ব্যবস্থাপনার দ্বিতীয় বা সাশ্রয়ী প্যাকেজে খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এই সাশ্রয়ী প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববীর আশপাশে আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে। হোটেল নির্ধারিত দূরত্বের বেশি হলে সৌদি বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে।

বেসরকারি মাধ্যমের জন্য সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। তালিকাভুক্ত হজ এজেন্সিগুলোকে সৌদি সরকারের নির্ধারিত ন্যূনতম কোটার ভিত্তিতে গ্রুপ গঠন করে এই প্যাকেজের আওতায় কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকার অনুমোদিত সাধারণ প্যাকেজ গ্রহণের পাশাপাশি এজেন্সিগুলো পারস্পরিক সমন্বয়ে অতিরিক্ত প্যাকেজ ঘোষণা করতে পারবে, তবে সরকারি সাশ্রয়ী প্যাকেজের চেয়ে কম সেবা দিয়ে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের নীতিগত ধারাবাহিকতা ও বিশেষ উদ্যোগে হজ ফ্লাইটের বিমানভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৩ সালে হজ ফ্লাইটের বিমানভাড়া প্রায় দুই লাখ টাকা থাকলেও পরবর্তী সময়ে তা ধাপে ধাপে কমানো হয়। নতুন এই ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রীদের সামগ্রিক ব্যয় ও দুর্ভোগ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় শীর্ষ সংবাদ