অর্থ-বাণিজ্য ডেস্ক
চীনা ভিসা প্রক্রিয়াকরণে গতি আনতে এবং বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের যাতায়াত সুগম করতে বিশেষ সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছে ঢাকায় চীনা দূতাবাস। চীনে অনুষ্ঠিতব্য ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (ক্যান্টন ফেয়ার) উপলক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে আবেদনকারীদের জটিলতা কমার পাশাপাশি ভ্রমণ প্রস্তুতি দ্রুত সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
ঢাকার চীনা দূতাবাস সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংজু শহরে তিন ধাপে অনুষ্ঠিত হবে ১৪০তম ক্যান্টন ফেয়ারের অনসাইট প্রদর্শনী। বহুজাতিক বাণিজ্যিক এই মেলায় বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ বাড়াতে ভিসা আবেদনের প্রয়োজনীয় শর্তাবলী শিথিল করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ক্যান্টন ফেয়ার ভিসার ক্ষেত্রে অফিসিয়াল আমন্ত্রণপত্রকেই প্রাথমিক বাধ্যতামূলক নথি হিসেবে গণ্য করা হবে। তবে আবেদন প্রক্রিয়াকে আরো দ্রুততর ও সহজ করতে আবেদনকারীরা অতিরিক্ত নথি হিসেবে পূর্ববর্তী ভ্রমণের ইতিহাস, আগের চীনের ভিসা এবং নিজ কোম্পানির গ্যারান্টি লেটার অনলাইনে জমা দিতে পারবেন।
ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে দূতাবাস থেকে বেশ কিছু সতর্কতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অসম্পূর্ণ বা নির্ভুল তথ্য না থাকলে সেই আবেদন সংশোধন বা বাতুলের ঝুঁকি থাকবে। তাই আবেদনকারীদের কোনো মধ্যস্বত্বভোগীর সাহায্য না নিয়ে নিজ দায়িত্বে ভিসা আবেদন ফর্ম পুরোপুরি এবং সঠিক তথ্য দিয়ে পূরণ করার আহ্বান জানানো হয়েছে। ভুয়া বা পরিবর্তিত আমন্ত্রণপত্র, ভুল তথ্য বা জাল নথি জমা দিলে আবেদন স্থায়ীভাবে প্রত্যাখ্যান করা হতে পারে এবং ভবিষ্যতে চীন ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে।
একই সাথে ভিসা সংক্রান্ত প্রতারণা এড়াতে সাধারণ মানুষকে সতর্ক করেছে দূতাবাস। চীনা দূতাবাস পরিষ্কার জানিয়েছে, কোনো ব্যক্তি, সংস্থা বা তৃতীয় পক্ষকে ভিসা সেবা প্রদান বা ত্বরান্বিত করার অনুমোদ দেওয়া হয়নি। ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে অর্থ ফেরত’ কিংবা ‘বিশেষ চ্যানেল ব্যবহার’-এর মতো বিভ্রান্তিকর দাবির বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। চূড়ান্ত ভিসার ধরন, মেয়াদ ও প্রবেশের সংখ্যা পুরোপুরি চীনা দূতাবাসের একচ্ছত্র নিয়মাবলী এবং আবেদনকারীর তথ্যের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে।
সরাসরি অনুসন্ধানের সুবিধার্থে দূতাবাস থেকে সার্বিক যোগাযোগের মাধ্যম প্রকাশ করা হয়েছে। ভিসা সংক্রান্ত প্রশ্ন বা অভিযোগ থাকলে chinaemb_bd@mfa.gov.cn বা dhaka@csm.mfa.gov.cn ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার চীনা ভিসা আবেদন কেন্দ্র সেবা হটলাইনে (0088-02) 226603261 নম্বরে সহায়তা পাওয়া যাবে।


