আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে দেশটিতে প্রায় ৬ লাখ ৯১ হাজার বিদেশি পর্যটক গেছেন। গত বছরের একই মাসের (প্রায় ৬ লাখ ২৫ হাজার) তুলনায় এই সংখ্যা ১০.৬ শতাংশ বেশি।

আগস্টে ভারতের পর্যটক বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় চালিকাশক্তি হয়ে উঠেছে বাংলাদেশ। এ মাসে বাংলাদেশ থেকে ৭৪ হাজারের বেশি পর্যটক ভারতে গেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮০ শতাংশ বেশি।

চীনের পর্যটকদের ক্ষেত্রেও বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। আগস্টে দেশটি থেকে ভারতে যাওয়া পর্যটকের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে, যা ২০২৫ সালের আগস্টের তুলনায় দ্বিগুণেরও বেশি।

তবে প্রথাগত পশ্চিমা বাজারগুলো থেকে প্রবৃদ্ধির গতি ছিল অনেকটাই মন্থর। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য—উভয় দেশ থেকেই পর্যটক যাওর হার বছরওয়ারি বেড়েছে ৩ শতাংশের কাছাকাছি।

কানাডা, জার্মানি, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে পর্যটক যাওয়ার গতি তুলনামূলক ভালো ছিল। এসব দেশ থেকে প্রবৃদ্ধি হয়েছে ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে।

পর্যটন নীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান অতিথি ফাউন্ডেশনের সিইও হেমন্ত যোশী এনডিটিভিকে বলেন, এই পরিসংখ্যান বেশ উৎসাহব্যঞ্জক। এ পরিসংখ্যান বলছে, ভারতের আন্তর্জাতিক পর্যটন মানচিত্র সম্ভবত আরও বিস্তৃত হচ্ছে, বিশেষত বাংলাদেশ ও চীনের মতো বাজারগুলো ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে।

তবে মাত্র এক মাসের তথ্যের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়ে তিনি সতর্ক করেন। যোশী বলেন, 'কেবল এক মাসের তথ্যের ওপর নির্ভর করে একে কোনো কাঠামোগত পরিবর্তন বলা ঠিক হবে না।'

যোশী আরও বলেন, পর্যটক আগমনের প্রকৃত মূল্য কেবল পর্যটকের সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। তারা কত দিন অবস্থান করছেন, কী পরিমাণ অর্থ খরচ করছেন এবং কোন কোন এলাকায় সেই অর্থ ব্যয় হচ্ছে—তা-ও সমান গুরুত্বপূর্ণ।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

জাতীয়