১৮০ দিনের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১৮০ দিনের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

জাতীয় ডেস্ক

সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি নির্দেশ দেন, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর অর্জন, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা যেন তথ্যভিত্তিক ও বাস্তবসম্মতভাবে উপস্থাপিত হয়।

মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতি প্রতিরোধে গৃহীত পদক্ষেপগুলো সরকারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে গণ্য করতে হবে। জনকল্যাণভিত্তিক উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি জোর দেন।

বিগত ১৮০ দিনের সার্বিক চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনগণের জীবনমান উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা, নগর ব্যবস্থাপনা আধুনিকায়ন, গ্রামীণ উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বহুবিধ উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের ফলে জনগণের জীবনে যে ইতিবাচক প্রভাব পড়েছে, তা যথাযথভাবে তুলে ধরার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন ও স্থানীয় অর্থনীতির বিকাশকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী ঘোষিত ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ রূপকল্প বাস্তবায়নে সারা দেশের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সমন্বিত ও টেকসই করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সব সংস্থাকে একযোগে কাজ করতে হবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত এ পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক ড. রওশন আরা বেগম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুল আউয়ালসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা সশরীরে ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

জাতীয় শীর্ষ সংবাদ