অর্থ ও বাণিজ্য ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। নগরবাসীর ওপর নতুন কোনো কর আরোপ না করে রাজস্ব খাতের বিস্তার ও অপ্রয়োজনীয় ব্যয় সংকোচনের মাধ্যমে বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নের লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার ডিএসসিসির নগর ভবন অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এর আগে গত ২৬ জুলাই করপোরেশনের পরিচালনা কমিটির ১৪তম সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত বাজেটে প্রারম্ভিক স্থিতিসহ সর্বমোট আয় ও ব্যায়ের লক্ষ্যমাত্রা সমানভাবে ৪০০৪.৬০ কোটি টাকা ধরা হয়েছে। আয়ের প্রধান খাতগুলোর মধ্যে প্রারম্ভিক স্থিতি ৭৩০.৯৩ কোটি টাকা, নিজস্ব রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ১৮১৫.৭৪ কোটি টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ১৪৫৭.৯৩ কোটি টাকা। অন্যদিকে, মোট ব্যয়ের মধ্যে পরিচালন ও মূলধন খাতে ১৫৫৯.৬৮ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১৯০৪.৪২ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি সমাপনী স্থিতি রাখা হয়েছে ৫৪০.৫০ কোটি টাকা।
বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে ডিএসসিসির মূল বাজেট ছিল ৩৮৪১.৩৮ কোটি টাকা, যা পরবর্তীতে সংশোধিত হয়ে ৩১৩৮.৭৭ কোটি টাকায় দাঁড়ায়। আগের অর্থবছরের তুলনায় এবার নিজস্ব রাজস্ব আদায়ের ওপর নির্ভরতা বাড়িয়ে বাজেটের আকার কিছুটা সম্প্রসারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক জানান, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু প্রতিরোধ, সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই এই বাজেটের মূল উদ্দেশ্য। জনগণের করের অর্থের সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।


