সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, আহত একাধিক

সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, আহত একাধিক

জাতীয় ডেস্ক

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির যুব বিষয়ক অঙ্গসংগঠন যুবশক্তির এক নেতাসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। হামলায় বহরের অন্তত চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জের পাঁচমাইল এলাকায় এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এনসিপির প্রতিনিধিদলটি গোলাপগঞ্জে যায়। সেখান থেকে কানাইঘাট উপজেলায় যাওয়ার পথে পাঁচমাইল এলাকায় পৌঁছালে ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল তাদের গতি রোধ করে।

ঘটনাস্থলে হামলাকারীরা রড ও দেশীয় অস্ত্র নিয়ে একযোগে বহরের বিভিন্ন গাড়িতে ভাঙচুর চালায়। এ সময় গাড়িতে থাকা এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে যুবশক্তি সিলেট অঞ্চলের নেতা তারেক জামিল চোখে গুরুতর আঘাত পান। হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর মধ্যে সংগঠনের একাধিক কেন্দ্রীয় দায়িত্বশীল প্রতিনিধির ব্যবহৃত যানবাহন ছিল।

হামলার মুখে এনসিপির নেতারা নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে তাদের নির্ধারিত কানাইঘাট কর্মসূচি স্থগিত করেন এবং ঘটনাস্থল থেকে ফিরে এসে জেলা সার্কিট হাউসে অবস্থান নেন। এনসিপির দায়িত্বশীলদের ভাষ্যমতে, পাঁচমাইল এলাকা এবং এর কাছাকাছি স্থানে মোট দুই দফায় এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর জেলা পুলিশ ও স্থানীয় আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

জাতীয় শীর্ষ সংবাদ