অর্থ-বাণিজ্য ডেস্ক
ডিজিটাল পেমেন্ট উৎসাহিত করতে ক্যাশলেস লেনদেনের সুযোগ সংবলিত ‘বাংলা কিউআর’-এ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা ও সাধারণ মানুষকে ডিজিটাল পেমেন্টে আগ্রহী করতে ১০০ কোটি টাকার একটি ভর্তুকি তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বাংলা কিউআর-এর ফ্রেমওয়ার্কের রূপরেখা ও আর্থিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা’ শীর্ষক আলোচনার প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এসব কথা জানান।
তিনি জানান, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র মার্চেন্টরা যাতে অনায়াসে ক্যাশলেস লেনদেন গ্রহণ করতে পারেন, সেজন্যই মূলত ১০০ কোটি টাকার এই তহবিল থেকে ভর্তুকি দেওয়া হবে। এর আগে ১ জুলাই থেকে অ্যাপভিত্তিক আন্তঃপরিশোধ ব্যবস্থায় বাংলা কিউআর বাধ্যতামূলক করার পাশাপাশি মার্চেন্ট পর্যায়ে ১ শতাংশ সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছিল, যা এখন শূন্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আর্থিক প্রযুক্তির সার্বিক সংস্কারের বিষয়ে গভর্নর বলেন, আগামী বছর ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালু করা হবে, যা ইন্টার-অপারেটর লেনদেনকে আরও সহজ করবে। এছাড়া ভবিষ্যতে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ নীতিতে দেশের সব ধরণের লেনদেন ব্যবস্থা একীভূত করার পরিকল্পনা রয়েছে।
অ্যান্ড্রয়েড ফোন বা ইন্টারনেট সুবিধা বঞ্চিত নাগরিকদের ক্যাশলেস ব্যবস্থার আওতায় আনতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে উল্লেখ করে তিনি জানান, সাধারণ ফিচার ফোন ব্যবহারকারীদের সুবিধা পর্যালোচনায় জরিপ পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ইন্টারনেট সংযোগ ছাড়াই অ্যাপের মাধ্যমে লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রযুক্তি উন্নয়ন চলমান রয়েছে।


