ইসলামী বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত

জাতীয় ডেস্ক

উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দুই পর্বে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও দুই হাজারেরও বেশি নবীন শিক্ষার্থী অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন। অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মনজুরুল হক ও অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ্ এতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা খাতকে সমৃদ্ধ করার জাতীয় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, শিক্ষা খাতের সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে এবং চলতি বাজেটে মোট জিডিপির ২ শতাংশ এ খাতে বরাদ্দ রাখা হয়েছে। সরকার পর্যায়ক্রমে এই বরাদ্দের পরিমাণ বাড়িয়ে মোট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

দক্ষ মানবসম্পদ গড়ার ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে কার্যকর দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সময়ের দাবি। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তরুণদের আন্তর্জাতিক মানে গড়ে তুলতে ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’ বা উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি নবীন শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে নবীনদের একাডেমিক জীবনের সাফল্য কামনা করেন। শিক্ষাবিদদের মতে, বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ বৃদ্ধি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভৌত ও মানগত উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের দক্ষতা অর্জনে সক্ষম হবে।

জাতীয় শীর্ষ সংবাদ