জাতীয় জীবন ডেস্ক
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস এবং শৃঙ্খলাবোধ গড়ে তুলতে ক্রীড়া কার্যক্রমকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ক্রীড়াশিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশুদের সহিংসতা এড়ানো, আত্মরক্ষা এবং ইতিবাচক মানসিকতা গঠনে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
রাজধানীর বিজয় সরণির র্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সম্প্রতি এই সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী জানান, মার্শাল আর্ট কেবল আত্মরক্ষার কৌশল হিসেবে সীমাবদ্ধ নয়; এটি শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ তৈরিতে সহায়ক। একজন শিক্ষার্থী আত্মবিশ্বাসী হয়ে উঠলে যেকোনো সংঘাত এড়িয়ে ইতিবাচক সামাজিক ভূমিকা রাখতে সক্ষম হয়। তরুণ প্রজন্মকে সুনাগরিক, সুস্থ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে ক্রীড়া ও আত্মরক্ষা কৌশলের প্রসার অপরিহার্য।
সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কার্যকরভাবে কারাতে প্রশিক্ষণ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের জন্য কারাতে সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় নীতিগত ও অবকাঠামোগত সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়।
শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও পেশাদার সক্ষমতা তৈরির মাধ্যমে একটি দক্ষ ও মানবিক ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সম্পন্নকারী কারাতেকাদের হাতে সনদপত্র ও ব্ল্যাক বেল্ট তুলে দেওয়া হয়।
প্রাথমিক স্তরে এই কারিকুলাম বাস্তবায়ন করা গেলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শারীরিক শিক্ষা ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আসবে। এটি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না রেখে বহুমুখী দক্ষতায় সমৃদ্ধ করতে বিশেষ ভূমিকা রাখবে।


