মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, মেলেনি বিস্ফোরক

মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, মেলেনি বিস্ফোরক

অপরাধ ও আইনশৃঙ্খলা ডেস্ক

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ দুটি পরিত্যক্ত বস্তুকে কেন্দ্র করে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম বস্তু দুটি পরীক্ষা করে নিশ্চিত করেছে যে এতে কোনো বিস্ফোরক ছিল না।

ডিএমপি জানায়, খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি কর্ডন করে নিরাপত্তা জোরদার করে।

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে ব্যাগটি এক্স-রে করার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর’ ব্যবহার করে নিষ্ক্রিয় করা হয়। ব্যাগটি খুলে কেবল পান ও জর্দার কৌটা পাওয়া যায়। অন্যদিকে, ফার্মগেট (তেজগাঁও) এলাকার পরিত্যক্ত বস্তাটি ম্যানুয়ালি পরীক্ষা করে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি।

ঘটনার পর মেট্রো স্টেশন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

আইন আদালত শীর্ষ সংবাদ