অপরাধ ডেস্ক
বরিশালের বানারীপাড়ায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ফয়জুল হক সজল ওরফে ফয়জুল হক সরদারকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ফয়জুল হক বানারীপাড়া উপজেলার পশ্চিম বাইশারী গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর বিচারিক প্রক্রিয়া শেষে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন।
পুলিশ সূত্রের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। দলটি কেরানীগঞ্জ মডেল থানাধীন ইবনে সিনা হাসপাতালের সম্মুখ এলাকায় অভিযান চালিয়ে ফয়জুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। আদালতের দণ্ড কার্যকর করার উদ্দেশ্যে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলার স্বাভাবিক গতি বজায় রাখতে এ ধরনের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


