আন্তর্জাতিক ডেস্ক
পর্যটন খাতকে উৎসাহিত করা ও স্বল্পমেয়াদি ভ্রমণকে সহজ করার লক্ষ্যে নিজেদের ভিসা নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। নতুন বিধানের আওতায় নির্ধারিত কিছু দেশের নাগরিকদের জন্য ১৪ দিন মেয়াদি বিনামূল্যে পর্যটন সুবিধা চালু করা হয়েছে।
রয়্যাল ওমান পুলিশের জারি করা সিদ্ধান্ত অনুযায়ী, ‘বিদেশিদের বাসস্থান আইন’-এর নির্বাহী প্রবিধানের ১০ ও ২৯ নম্বর ধারা সংশোধন করে শূন্য ওমানি রিয়াল ফিসহ নতুন এই ভিসা বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যোগ্য দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন।
নতুন এ নিয়মের অধীনে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই পর্যটকরা প্রয়োজনীয় শর্ত পূরণ ও নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে সুবিধাটিকে অন্য যেকোনো ধরনের পর্যটন ভিসায় রূপান্তর করতে পারবেন। ওমান সরকারের এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যটকদের প্রবেশ প্রক্রিয়া আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।


