‘গুলশানের চামেলি’ চলচ্চিত্রে আইনজীবী বাঁধন: সমালোচনার মুখে স্পষ্ট জবাব

‘গুলশানের চামেলি’ চলচ্চিত্রে আইনজীবী বাঁধন: সমালোচনার মুখে স্পষ্ট জবাব

বিনোদন ডেস্ক

বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে কাজ করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার জবাব দিয়েছেন বিশিষ্ট অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নির্মাতা মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’ চলচ্চিত্রে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন তিনি। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

বিশেষ করে ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো সমালোচক-প্রশংসিত চলচ্চিত্রে অভিনয়ের পর তাঁর মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে যুক্ত হওয়া নিয়ে নানা প্রশ্ন তোলেন নেটিজেনরা। এই আলোচনার প্রেক্ষাপটে অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন এবং কাজের সিদ্ধান্ত নিয়ে অযাচিত পরামর্শ না দেওয়ার আহ্বান জানান।

এক বার্তায় বাঁধন জানান, এই চলচ্চিত্রে অভিনয়ের সম্মতি দেওয়া তাঁর জন্য একটি কঠিন সিদ্ধান্ত ছিল। চলচ্চিত্রের গল্প পছন্দ হওয়া এবং পুরো দলের ইতিবাচক মনোভাব ও সম্মানের কারণেই তিনি প্রকল্পটিতে যুক্ত হয়েছেন। দীর্ঘ অভিনয়জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত বছরগুলোতে নানা ধরণের কাজ এবং বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁকে সমৃদ্ধ করেছে। জীবনের ভালো-মন্দ প্রতিটি অভিজ্ঞতাই তাঁকে মানসিকভাবে আরও সুদৃঢ় করেছে বলে তিনি উল্লেখ করেন।

সমালোচকদের উদ্দেশে অভিনেত্রী জানান, নিজের জীবন ও কর্মজীবনের সিদ্ধান্ত তিনি নিজেই নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। অন্য কারও উপদেশ তাঁর সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলে না। জীবনে নির্দিষ্ট কিছু নির্ভরযোগ্য মানুষের পরামর্শেই তিনি চালিত হন এবং বর্তমানে নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট রয়েছেন।

উল্লেখ্য, ‘গুলশানের চামেলি’ চলচ্চিত্রে বাঁধনের পাশাপাশি আরও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনা, আমিন খান ও আশীষ খন্দকারসহ একঝাঁক অভিজ্ঞ শিল্পী। চলচ্চিত্রটি নিয়ে বিনোদন অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বিনোদন শীর্ষ সংবাদ