শিক্ষা ডেস্ক
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল ঘোষণা করেছে। একই সঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ করে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড প্রবিধানমালা, ২০২৫-এর প্রবিধি ৬৪ অনুযায়ী মেয়াদোত্তীর্ণসহ বিদ্যমান সব অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে। নতুন প্রবিধানমালা (এসআরও নং ৮৯-আইন/২০২৬) অনুসারে নতুন কমিটি গঠনের পদ্ধতি ও শর্তও নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য প্রতিষ্ঠানপ্রধান (অধ্যক্ষ বা সুপার) স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে তিন সদস্যের প্যানেল প্রস্তাব করবেন। প্যানেলে শিক্ষানুরাগী, সমাজসেবক, জনপ্রতিনিধি বা নবম ও তদূর্ধ্ব গ্রেডের সরকারি কর্মকর্তাদের রাখা যাবে। সিটি করপোরেশন এলাকার ক্ষেত্রে প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে। সকল সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রতিষ্ঠানপ্রধানদের এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।


