আন্তর্জাতিক ডেস্ক
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা সামরিক ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে সৌদি আরব। উদ্ভূত পরিস্থিতিতে সম্ভাব্য সংঘাত এড়াতে এবং নতুন করে উত্তেজনা সৃষ্টি বন্ধে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি টেলিফোনে আলোচনা করেছেন। একই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ওয়াশিংটনের নীতিনির্ধারণে প্রভাব ফেলতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানকে হোয়াইট হাউসে পাঠানো হয়েছে।
ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রিয়াদের এই শীর্ষ পর্যায়ের যোগাযোগ কেবল বর্তমান সঙ্কট নিরসনের চেষ্টা নয়, বরং সমগ্র উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার ভারসাম্য রক্ষা এবং সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি ঠেকানোর একটি কৌশলগত উদ্যোগ। যুদ্ধবিরতি বাস্তবায়ন ও আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার বিষয়ে আন্তর্জাতিক মহলে সংশয় থাকলেও সৌদি আরব নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান সুসংহত করতে এবং স্থিতিশীলতার পক্ষে তাদের রাজনৈতিক বার্তা স্পষ্ট করতে এই পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের দ্রুত পরিবর্তনশীল পররাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্য রেখে নিজস্ব নিরাপত্তা নিয়ন্ত্রণ নিশ্চিত করাই এই কূটনৈতিক আলোচনার মূল লক্ষ্য।
উপসাগরীয় অঞ্চলের চলমান অস্থিতিশীলতা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে ক্ষমতার দ্বন্দ্ব বৃদ্ধি পেলে তা আন্তর্জাতিক তেলের বাজারকে অস্থির করে তোলার পাশাপাশি কৌশলগত সামুদ্রিক বাণিজ্য পথগুলোকে ঝুঁকিগ্রস্ত করে তোলে। ইরান-মার্কিন সামরিক উত্তেজনার ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়া এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা সংকট তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সার্বিক পরিস্থিতিতে সামরিক সংঘাত এড়িয়ে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান না হলে সমগ্র মধ্যপ্রাচ্য এক দীর্ঘমেয়াদি সংকটে নিপতিত হতে পারে। রিয়াদের সাম্প্রতিক এই মধ্যস্থতার চেষ্টা আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা কেমন হবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


