রাজনীতি ডেস্ক
রাজনীতিতে অশালীন ভাষার ব্যবহার গণতন্ত্র ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শালীন ভাষা ও ইতিবাচক রাজনৈতিক চর্চা বজায় রাখা প্রয়োজন।
রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত ‘জুলাই রক্তাক্ত : স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন, বিগত সরকার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অনবরত অপপ্রচার চালালেও বিএনপি কখনো অশালীন ভাষা ব্যবহার করেনি। তবে বর্তমান রাজনৈতিক অঙ্গনে কিছু তরুণ নেতার বক্তব্যে যে ভাষার প্রয়োগ দেখা যাচ্ছে, তা উন্নত রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। তিনি তরুণ প্রজন্মকে ঘৃণার রাজনীতি পরিহার করে ইতিবাচক ধারা গড়ে তোলার আহ্বান জানান।
জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, সাধারণ ছাত্র-জনতার বীরত্বপূর্ণ আন্দোলনের মুখেই স্বৈরাচারী শাসনের পতন ঘটেছে। এই অভ্যুত্থান দীর্ঘ ১৭ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের ধারাবাহিক সংগ্রাম এবং বেগম খালেদা জিয়ার আপসহীন অবস্থানের চূড়ান্ত বহিঃপ্রকাশ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে রিজভী বলেন, তরুণ রাজনীতিকদের চিন্তা প্রগতিশীল হওয়া উচিত। কিন্তু একটি পশ্চাৎমুখী দলের সঙ্গে জোট গঠন রাজনৈতিক দর্শনের দিক থেকে সঠিক সিদ্ধান্ত নয়।
প্রশাসনে নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, সরকার পরিবর্তনের পর গুরুত্বপূর্ণ পদে নতুন লোক নিয়োগের প্রক্রিয়া একটি স্বীকৃত ব্যবস্থা এবং এটি বেআইনি নয়। এ ছাড়া তিনি ভবিষ্যতে রাজনীতিতে জামায়াতে ইসলামীর প্রভাব ও দলীয়করণের সম্ভাবনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অন্য এক বক্তব্যে ছাত্রশিবির ও এনসিপি নেতাদের সাম্প্রতিক কর্মকাণ্ড ও বিভিন্ন বক্তব্যের তীব্র সমালোচনা করেন।
উক্ত আলোচনাসভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


