খেলাধুলাকে শিক্ষার আবশ্যকীয় অংশ হিসেবে প্রতিষ্ঠার আহ্বান তথ্যমন্ত্রীর

খেলাধুলাকে শিক্ষার আবশ্যকীয় অংশ হিসেবে প্রতিষ্ঠার আহ্বান তথ্যমন্ত্রীর

জাতীয় ডেস্ক

শিক্ষাব্যবস্থায় খেলাধুলাকে বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে শিক্ষার একটি মৌলিক ও মনস্তাত্ত্বিক উপাদান হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি সম্ভব। তবে দেশের বর্তমান শিক্ষাক্রমের মধ্যে ক্রীড়াচর্চাকে এখনো পুরোপুরি কার্যকরভাবে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, যা দ্রুত সমাধান করা প্রয়োজন।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’-এর আন্তমন্ত্রণালয় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের পরোক্ষ শিক্ষার (প্যাসিভ এডুকেশন) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। শিক্ষার্থীদের মনোজগৎ গঠন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসিক বিকাশে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মুখস্থবিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সার্বিক বিকাশের পথ উন্মুক্ত করতে হবে।

আসন্ন ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’-কে একটি জাতীয় পর্যায়ের বৃহৎ উৎসবে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, এই প্রতিযোগিতা যেন কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং দেশের তৃণমূল পর্যায় থেকে এর উন্মাদনা সৃষ্টি করতে হবে। উপজেলা পর্যায়ের সকল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করে ধাপে ধাপে জেলা এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতা পরিচালনার রূপরেখা তৈরি করতে হবে।

এই উদ্যোগের সার্বিক সফলতা নির্ভর করবে মাঠপর্যায়ে খেলাধুলাকে শিক্ষাজীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলার ওপর। এই বৃহৎ আয়োজন বাস্তবায়নে মূল অংশীদার হিসেবে শিক্ষা মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়। এছাড়া স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ সরকারের অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত সহায়তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রতিযোগিতাটি সম্পর্কে সাধারণ জনগণের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি এবং তরুণ সমাজকে অনুপ্রাণিত করতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকার কথা উল্লেখ করা হয়। জাতীয় এই ক্রীড়া যজ্ঞকে সারাদেশে ছড়িয়ে দিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়াকে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের প্রস্তুতি সভায় দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও মন্ত্রীগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন এবং কার্যক্রম সফল করার বিষয়ে নিজ নিজ প্রতিক্রিয়া ও প্রস্তাবনা তুলে ধরেন।

জাতীয় শীর্ষ সংবাদ