শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে টাস্কফোর্সের সমন্বিত অভিযান শুরু হচ্ছে

শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে টাস্কফোর্সের সমন্বিত অভিযান শুরু হচ্ছে

অর্থ ও আইন-শৃঙ্খলা ডেস্ক
কক্সবাজারে শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরি করে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। মাদকের প্রসার রোধে স্থল ও জলপথে সীমান্ত নজরদারি বৃদ্ধির পাশাপাশি চোরাচালানের নতুন রুটগুলো চিহ্নিত করার ওপর জোর দিয়েছে সরকার।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত ‘মাদক প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়নসংক্রান্ত সভা’ শেষে সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত এলাকায় বিশেষ করে ইয়াবা পাচার রোধে সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স এই কার্যক্রম পরিচালনা করবে। ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য চোরাচালানের প্রধান বাহক এবং নেপথ্যের মূলহোতাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে আইনি আওতায় আনা হবে।
মাদক পাচার রোধে গৃহীত কৌশলগুলোর মধ্যে রয়েছে:
  • চোরাচালানের ঝুঁকিপূর্ণ রুটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন ক্যাম্প স্থাপন।
  • জলপথে নৌবাহিনী ও কোস্টগার্ডের নিয়মিত টহল জোরদার করা।
  • মাদক বিক্রির খুচরা ও পাইকারি নেটওয়ার্ক ধ্বংসে গোয়েন্দা নজরদারি বাড়ানো।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ইয়াবাসহ বিভিন্ন মাদকের আগ্রাসন দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিস্তার রোধ ও এর যোগান সম্পূর্ণ বন্ধ করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
জেলা প্রশাসন আয়োজিত এই আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না এবং কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নানসহ স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন শুক্রবার তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) ফ্ল্যাট উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। পরবর্তীতে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিকেলে স্থানীয় মতবিনিময় সভা শেষে রাতে ঢাকা ফিরে আসার কথা রয়েছে।
Uncategorized