জাতীয় ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সংলগ্ন খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দ্রুতই পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি বিশেষ কারিগরি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমীক্ষা ও প্রাথমিক কারিগরি প্রস্তুতি সম্পন্ন করার পর মন্ত্রণালয়ের নিজস্ব অর্থায়নে এই খনন কাজ পরিচালনা করা হবে। বৃহস্পতিবার ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা ও দোয়া সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এ তথ্য নিশ্চিত করেন।
অনুষ্ঠানে মন্ত্রী জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেক ও খালের সার্বিক পরিবেশ রক্ষায় খনন কার্যক্রমের জন্য উপাচার্য ও শিক্ষক প্রতিনিধিরা মন্ত্রণালয়ে বিশেষ অনুরোধ জানান। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতোমধ্যে সংশ্লিষ্ট সচিবের কাছে প্রয়োজনীয় নির্দেশনাসহ পাঠানো হয়েছে। টেকনিক্যাল টিম সরজমিনে পরিদর্শন করে খালের বর্তমান অবস্থা, গভীরতা এবং প্রাক্কলিত ব্যয় নির্ধারণের পর মূল খনন কাজ শুরু হবে।
দেশের সামগ্রিক জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সরকারের পরিকল্পনা তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী বলেন, সারাদেশে পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের একটি বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই প্রকল্পটিও জাতীয় উদ্যোগের একটি অংশ হিসেবে পরিচালিত হবে। এই সুবিশাল প্রকল্পের ফলে কেবল কৃষিখাত ও সেচব্যবস্থাই উপকৃত হবে না, বরং স্থানীয় ভূগর্ভস্থ পানির স্তর ধরে রাখা, নৌযোগাযোগ পুনরুদ্ধার এবং পরিবেশের দীর্ঘমেয়াদী টেকসই সুরক্ষা নিশ্চিত হবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রশাসনের গৃহীত নানা পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, খালের পানির প্রবাহ স্বাভাবিক হলে ক্যাম্পাসের জীববৈচিত্র্য সুরক্ষায় বিশেষ অগ্রগতি আসবে।


