ন্যাটোর ঐক্য ভাঙতে রাশিয়ান ‘সীমিত হামলা’র আশঙ্কা মার্কিন গোয়েন্দাদের

ন্যাটোর ঐক্য ভাঙতে রাশিয়ান ‘সীমিত হামলা’র আশঙ্কা মার্কিন গোয়েন্দাদের

আন্তর্জাতিক ডেস্ক
ন্যাটোর অভ্যন্তরীণ ঐক্য বিনষ্ট করতে জোটভুক্ত কোনো দেশে সীমিত পরিসরে সামরিক বা সাইবার হামলা চালাতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—এমন মূল্যায়ন করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এই ধরনের সম্ভাব্য পদক্ষেপ চলতি বছরের শরৎ থেকে ২০২৯ সালের মধ্যে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধের বদলে মস্কো হাইব্রিড কৌশল বেছে নিতে পারে। এর মধ্যে রয়েছে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোতে বড় ধরনের সাইবার আক্রমণ, পরিচয়হীন সশস্ত্র বাহিনীর মাধ্যমে সীমান্ত এলাকায় ছোট ভূখণ্ড দখল কিংবা ন্যাটোর পূর্ব সীমান্তে সামরিক উপস্থিতি বাড়ানো। মূলত ন্যাটোর যৌথ প্রতিরক্ষা অনুচ্ছেদ ‘আর্টিকেল ৫’ সরাসরি সক্রিয় না করে জোটের অভ্যন্তরীণ ফাটল প্রকাশ করাই এর মূল লক্ষ্য হতে পারে।
ইতোমধ্যে পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রবেশের ঘটনাকে সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে। তবে ন্যাটো জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলা ও হামলা প্রতিহত করতে তারা প্রস্তুত।
এদিকে রুশ হুমকির এই নতুন পূর্বাভাসের মুখে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের (যেমন: এটাকমস, প্যাট্রিয়ট ও স্টিঙ্গার) মজুত কমে যাওয়া নিয়ে ওয়াশিংটনে উদ্বেগ তৈরি হয়েছে, যা মার্কিন সামরিক সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।
আন্তর্জাতিক শীর্ষ সংবাদ