সারাদেশ ডেস্ক
মানবিক মানুষ হিসেবে গড়ে না উঠলে মেধার কোনো বস্তুনিষ্ঠ মূল্য থাকে না বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি উল্লেখ করেন, কোনো জাতির ভবিষ্যত নির্ভর করে মেধা-মনন এবং জ্ঞান-বিজ্ঞানের প্রগতির ওপর। শিক্ষার মূল উদ্দেশ্যের সঙ্গে সুকুমার বৃত্তির চর্চা ও নৈতিকতার চর্চা যুক্ত না হলে সেই শিক্ষা পূর্ণাঙ্গ রূপ পায় না।
রবিবার দুপুর ১২টার দিকে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড এলাকায় ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আজকের তরুণেরাই ভবিষ্যৎ দিনের কান্ডারী। সঠিক মেধা বিকাশ ও সাধনার মাধ্যমে তাদের মধ্য থেকেই উঠে আসবে আগামী দিনের বৈমানিক, নাসার বিজ্ঞানী, প্রকৌশলী ও চিকিৎসক। তারা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে পরিবার, সমাজ ও দেশকে বিশ্বদরবারে আলোকিত করবে। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যে জাতি জ্ঞান-বিজ্ঞান ও মেধা চর্চায় যত বেশি অগ্রসর হয়েছে, সে জাতি বৈশ্বিক পর্যায়ে তত বেশি উন্নতি ও সমৃদ্ধি লাভ করেছে।
অনুষ্ঠানে অভিভাবকদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, পরিবারই হলো শিক্ষার প্রাথমিক ভিত্তিপ্রস্তর। সন্তানদের সঠিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তাদের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ ও সাধনার চর্চা গড়ে তোলার প্রধান দায়িত্ব পরিবারের। বিশেষ করে মায়েরা হলেন সন্তানের প্রথম ও সর্বশ্রেষ্ঠ শিক্ষক। মায়ের পারিবারিক শিক্ষা ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা সন্তানের ভবিষ্যৎ জীবনের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। বর্তমান সমাজে যে অস্থিরতা ও মূল্যবোধের অভাব দেখা যাচ্ছে, তা দূর করতে হলে নতুন প্রজন্মকে ভালোবাসার শিক্ষা দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করার বিষয়ে নানা দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তারা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম ও মেধা যাচাই প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সৃজনশীলতার বিকাশ ঘটে।
ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি কুমারেশ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফি উদ্দীন মোল্লা এবং ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও বৃত্তি প্রদান করা হয়। আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার মান যাচাই ও মেধা বিকাশে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


