জাতীয় ডেস্ক
বর্তমান সরকার ও রাজনৈতিক পরিমণ্ডলে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদ্যমান নানা সংকটের দ্রুত সমাধান দাবি করে বিরোধী বলয়ের কেউ কেউ এখনো স্বৈরাচার শেখ হাসিনার ভাষারই পুনর্বৃত্তি করছেন। দেশ গঠনে সময়ের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
রবিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র, নারী ও শিশুদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছে। বিগত ১৭ বছরে লাখ লাখ রাজনৈতিক মামলা, গুম ও হত্যাকাণ্ডের ফলে রাষ্ট্রের সব খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়েছে। ফলে এই পরিস্থিতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে কিছুটা সময়ের প্রয়োজন।
দেশে বিরাজমান গ্যাস সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে তিনি জানান, সরকার সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নিচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে যেকোনো ধরনের অপকর্ম বা বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, বিগত সরকারের আমলে গণমাধ্যমের ওপর যে সেন্সরশিপ ও বিধি নিষেধ ছিল, তা এখন নেই। বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরে দেশের সার্বিক পুনর্গঠনে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


