জাতীয় ডেস্ক
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি হতে যাচ্ছে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের ঘটনা। জাতীয় সংসদে বিরোধী দল ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে একক প্রার্থী ঘোষণা করায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সরকারি দল বিএনপি এখনো চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রাপ্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটাভুটি হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতি পদ নির্বাচনের বিষয়ে বিরোধী জোট ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। জোটের শরিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সিদ্ধান্ত নিশ্চিত করেন।
অন্যদিকে, ক্ষমতাসীন দল বিএনপি ইতোমধ্যে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। নির্বাচন কমিশন কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবীর রিজভী। দলটির অভ্যন্তরে একাধিক জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় থাকলেও চূড়ান্ত প্রার্থীর নাম নির্বাচন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আইন অনুযায়ী, রাষ্ট্রপতি পদে একক প্রার্থী থাকলে এবং যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বৈধ বিবেচিত হলে নির্বাচন কমিশন তাঁকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবে। তবে একাধিক প্রার্থী থাকলে ভোটের মাধ্যমে সংসদ সদস্যরা রাষ্ট্রপ্রধান নির্বাচন করবেন। রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের একটি স্বল্পমেয়াদি বিশেষ অধিবেশন ডাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
১৯৯১ সালে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর এ নিয়ে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হচ্ছে। ১৯৯১ সালে বিএনপি সমর্থিত প্রার্থী আবদুর রহমান বিশ্বাস এবং বিরোধী দল সমর্থিত সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীকালে সকল রাষ্ট্রপতিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বর্তমানে সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের সমর্থিত প্রার্থীই নির্বাচিত হওয়ার শক্ত সমীকরণে রয়েছেন। উল্লেখ্য, ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।


