শিক্ষা ডেস্ক
এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে পুনরায় চেষ্টা করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে এই কঠিন সময়ে সন্তানদের বকাঝকা না করে তাদের পাশে দাঁড়িয়ে মানসিক আশ্রয় নিশ্চিত করার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছেন তিনি।
মঙ্গলবার নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে এসব কথা বলেন মন্ত্রী।
অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ফল কোনো শিক্ষার্থীর চূড়ান্ত পরিচয় বা যোগ্যতার পরিমাপক নয়; এটি কেবল একটি নির্দিষ্ট দিনের মূল্যায়নের হিসাব মাত্র। সাময়িক এই ব্যর্থতায় জীবন থেমে যায় না। সামাজিক বা পারিপার্শ্বিক চাপে ভেঙে না পড়ে ইতিবাচক মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি।
অভিভাবকদের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী জানান, অকৃতকার্য শিক্ষার্থীরা এ সময় পরিবারের মুখোমুখি হতে সবচেয়ে বেশি সংকোচ বোধ করে। তাই ঘরকে তাদের জন্য আদালত না বানিয়ে নিরাপদ আশ্রয় হিসেবে গড়ে তোলা উচিত।
শিক্ষকদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার দায়ভার কেবল তাদের একার নয়, ব্যবস্থাটিরও। কেন কোনো শিক্ষার্থী পিছিয়ে পড়ল, শিক্ষকদের তা চিহ্নিত করে বিশেষ পদক্ষেপ নেওয়া জরুরি।


