দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা ছাড়াল

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা ছাড়াল

অর্থনীতি ডেস্ক
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির ফলে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকায় বিক্রি হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য তালিকা কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল থাকবে। এর আগে গত ৮ আগস্ট বাজুস ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করেছিল। চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে ১০১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ