ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

অর্থ বাণিজ্য ডেস্ক
বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং দক্ষ জনশক্তি সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি দুই দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি যৌথ বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার গঠনের প্রস্তাব দিয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সিঙ্গাপুরের একটি স্থানীয় হোটেলে বাংলাদেশ চেম্বার অব সিঙ্গাপুর আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। সভায় সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা, পেশাজীবী ও প্রবাসী কর্মীরা অংশ নেন।
মতবিনিময়সভায় বাংলাদেশি ব্যবসায়ীরা সিঙ্গাপুরে তাদের চলমান ব্যবসা, সম্ভাবনা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, শ্রমবাজারে সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্ব দেন। বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, চেম্বার বাংলাদেশ ও সিঙ্গাপুরের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে এবং সম্প্রতি বিনিয়োগসংক্রান্ত একটি বিল মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত বিষয়গুলো সমন্বয়ের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পৃথক উইং গঠন করা হয়েছে, যা সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, ওষুধ শিল্প, তথ্যপ্রযুক্তি, শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার বড় সুযোগ রয়েছে। বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে তিনি রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ওপর জোর দেন এবং পাট ও পাটজাত পণ্যকে সিঙ্গাপুরের বাজারে সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করেন। এ জন্য গবেষণা, উদ্ভাবন ও কার্যকর নীতিগত সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। দুই দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি যৌথ চেম্বার গঠন উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ