হুমকি-ধমকি দেখে পাগলেও হাসে: শ্রীনগরে ইশরাক হোসেন

হুমকি-ধমকি দেখে পাগলেও হাসে: শ্রীনগরে ইশরাক হোসেন

জাতীয় ডেস্ক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক আচরণের কড়া সমালোচনা করেছেন। বিগত আন্দোলনের প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি টেনে তিনি বলেন, অতীতে প্রকাশ্যে না থেকে এখন হুমকি-ধমকি দেওয়া হাস্যকর।
মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরে স্যার জে. সি. বোস ইনস্টিটিউট ও কলেজে উপজেলা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইশরাক হোসেন অভিযোগ করেন, বিরোধী দলগুলো দ্রব্যমূল্য বৃদ্ধি ও জ্বালানি সংকটের মতো বিষয়গুলোকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ‘মব সংস্কৃতি’ বা বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সরকারকে কোনঠাসা করার অপচেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
জুলাই গণ-অভ্যুত্থানে বিরোধী পক্ষগুলোর ভূমিকার স্বীকৃতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনে তাদের অবদান স্বীকার করা হলেও কিছু নেতার বিতর্কিত কর্মকাণ্ড তা ক্ষুণ্ণ করছে। আন্দোলনে হতাহতদের পুনর্বাসনে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তিনি রাজনৈতিক অস্থিরতা তৈরির সব নাটক বন্ধের আহ্বান জানান।
দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পেছনে বিগত শেখ হাসিনা সরকারের আমলের অব্যবস্থাপনা ও ‘মাফিয়া চক্র’কে দায়ী করেন ইশরাক হোসেন। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে নতুন জ্বালানি নীতিমালা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে প্রধানমন্ত্রী পদক্ষেপ নিচ্ছেন। বিদেশি শক্তির ওপর নির্ভর না করে জনগণের শক্তিতে একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। পরে প্রতিমন্ত্রী বিক্রমপুর ভূঁইয়া মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
জাতীয় শীর্ষ সংবাদ