অর্থ ও বাণিজ্য ডেস্ক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তাসনিম সিনহা। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ আগস্ট থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি কর্তৃপক্ষ জানায়, পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাসনিম সিনহাকে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতা একমি ল্যাবরেটরিজের ব্যবসায়িক প্রবৃদ্ধি, পণ্যের গুণগত মানোন্নয়ন এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে কোম্পানির অবস্থান সুসংহত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পরিচালনা পর্ষদ।
২০১৬ সালে শেয়ারবাজারে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয় একমি ল্যাবরেটরিজ। কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ২১ কোটি ১৬ লাখ ১ হাজার ৭০০টি। ডিএসইর তথ্যমতে, গত বছরের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। সর্বশেষ অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৪০ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১১ টাকা ৪৮ পয়সা।
৩১ জুলাই পর্যন্ত হালনাগাদ তথ্যানুসারে, একমি ল্যাবরেটরিজের মোট শেয়ারের ৪০ দশমিক ৩৯ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে। অবশিষ্ট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩০ দশমিক ৫০ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক শূন্য ৯ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার রয়েছে। সর্বশেষ লেনদেনে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৮৩ টাকা ৪০ পয়সা দরে বিক্রি হয়েছে।


