পারসোনাল কম্পিউটারে এআই এজেন্টের স্থানীয় ব্যবহারের জন্য ‘মিউজ গ্লিমার’ উন্মোচন মেটার

পারসোনাল কম্পিউটারে এআই এজেন্টের স্থানীয় ব্যবহারের জন্য ‘মিউজ গ্লিমার’ উন্মোচন মেটার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন মডেল ‘মিউজ গ্লিমার’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। ৩০ মিলিয়ন প্যারামিটার বিশিষ্ট এই শক্তিশালী এআই মডেলটি ইন্টারনেটের সাহায্য ছাড়াই স্থানীয় ডিভাইসে জটিল স্বয়ংক্রিয় কার্যক্রম এবং পারসোনাল কম্পিউটারে ব্যক্তিগত এআই এজেন্ট ব্যবহারের সুবিধা দেবে।
বিজ্ঞান ও প্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের মতে, বর্তমানে অধিকাংশ এআই অ্যাপ্লিকেশন প্রক্রিয়াভিত্তিক কাজের জন্য সম্পূর্ণভাবে ক্লাউড পরিকাঠামো এবং সার্বক্ষণিক নেটওয়ার্ক সংযোগের ওপর নির্ভরশীল। এই কাঠামোগত সীমাবদ্ধতা দূর করতেই মেটা তাদের নতুন মডেলটিতে লোকাল আর্কিটেকচার যুক্ত করেছে। এর ফলে কোনো ইন্টারনেট সংযোগ না থাকলেও এটি ব্যবহারকারীর কম্পিউটারে সম্পূর্ণ সুরক্ষিত ও নিরবচ্ছিন্নভাবে কাজ করতে সক্ষম। এটি মূলত ডিভাইসের নিজস্ব প্রক্রিয়াকরণ ক্ষমতা ব্যবহার করে তথ্য সংবেদনশীলতা রক্ষা করবে এবং ক্লাউড নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।
মেটার প্রকাশিত তথ্যানুসারে, নতুন এই মডেলটি স্বায়ত্তশাসিত এজেন্টভিত্তিক কাজ সম্পন্ন করা, বহু-ধাপ বিশিষ্ট জটিল যুক্তিনির্ভর বিশ্লেষণ (মাল্টি-স্টেপ রিজনিং) এবং একাধিক মাধ্যমের তথ্য বা মাল্টি-মডেল ইনপুট নিয়ে কাজ করার জন্য উন্নত নকশায় তৈরি করা হয়েছে। এটি যেকোনো কনজ্যুমার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) সমৃদ্ধ উইন্ডোজ পিসি বা ম্যাক সিস্টেমে নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব। তবে পূর্ণ নির্ভুলতা বা ‘ফুল প্রিসিশন মোডে’ মিউজ গ্লিমার সফলভাবে চালাতে ন্যূনতম ৫৫ গিগাবাইট সিস্টেম মেমোরির প্রয়োজন হবে।
প্রযুক্তিগত মূল্যায়নে দেখা গেছে, মডেলটি মূলত অভ্যন্তরীণ ফাংশন কলিং, স্থানীয় ডিভাইসে প্রোগ্রামিং কোড লিখন ও ব্যাকএন্ড স্ক্রিপ্টিং এবং ‘এলএলএম-অ্যাজ-এ-জাজ’ প্রক্রিয়ায় অন্যান্য এআই সিস্টেমের কার্যকারিতা পরিমাপের ক্ষেত্রে অসাধারণ দক্ষতা দেখায়। শিল্পমানের বিভিন্ন বেঞ্চমার্ক পরীক্ষায় একই শ্রেণির অন্যান্য শীর্ষস্থানীয় এআই মডেলের তুলনায় মিউজ গ্লিমার অধিক ফলপ্রসূ ও দ্রুত প্রতিক্রিয়া প্রদানে সক্ষম বলে দাবি করেছে মেটা কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবসে তৈরি এই অত্যাধুনিক প্রযুক্তিটির ওপেন-সোয়্যার্স সুবিধাও রাখা হয়েছে। ওপেন-সোয়্যার্স নীতিমালার অংশ হিসেবে মিউজ গ্লিমারের ওয়েট ‘অ্যাপাচি ২.০’ লাইসেন্সের অধীনে বিশ্বব্যাপী ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগ্রহী ব্যবহারকারী ও গবেষকরা বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম ‘হাগিং ফেস’ থেকে মডেলটির ওয়েট বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। এছাড়া প্রযুক্তি খাতের অন্যান্য জনপ্রিয় অ্যাপ্লিকেশন যেমন অলামা (Ollama), এলএম স্টুডিও (LM Studio) এবং আনস্লথের (Unsloth) মতো টুলসগুলোর সাথে মিউজ গ্লিমারকে সমন্বয় করার প্রক্রিয়া চলমান রয়েছে, যা খুব শীঘ্রই ব্যবহারকারীদের জন্য সহজলভ্য হবে।
সংশ্লিষ্টদের ধারণা, স্থানীয় ডিভাইসে উচ্চক্ষমতাসম্পন্ন এআই মডেল ব্যবহারের এই নতুন ধারা কম্পিউটার প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে ডেটা গোপনীয়তা বজায় রেখে কোডিং ও নিজস্ব অটোমেশন কার্যক্রমে এটি বৈপ্লবিক পরিবর্তন আনবে।
তথ্য প্রুযুক্তি শীর্ষ সংবাদ