মতিঝিলে ডিএমপির বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬৭

মতিঝিলে ডিএমপির বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬৭

অপরাধ ডেস্ক
রাজধানীর মতিঝিল জোনের অধীনস্থ সাতটি থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, মঙ্গলবার মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পুলিশ পরিচলন করে এ বিশেষ অভিযান। আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জোনটির আওতাধীন থানাগুলোর মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে খিলগাঁও থানা এলাকায়, যার সংখ্যা ২৩ জন। এছাড়া পল্টন থানা থেকে ১৩ জন, মুগদা থেকে ১২ জন, শাহজাহানপুর থেকে ১০ জন, সবুজবাগ থেকে ৪ জন, রামপুরা থেকে ৩ জন এবং মতিঝিল থানা এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের তালিকায় বিভিন্ন নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং সরাসরি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বজায় রাখতে ডিএমপির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
আইন আদালত শীর্ষ সংবাদ