২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য অর্জন সম্ভব: মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদল

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য অর্জন সম্ভব: মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদল

অর্থ বাণিজ্য ডেস্ক
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে বাস্তবসম্মত বলে মনে করে সফররত যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পর মার্কিন প্রতিনিধিদলের নেতা এবং ইউএস চেম্বার অব কমার্সের সভাপতি রাষ্ট্রদূত অতুল কেশপ এই আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, বিনিয়োগ পরিস্থিতি এবং প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে মার্কিন বেসরকারি খাত একটি অনুঘটক হিসেবে ভূমিকা রাখতে আগ্রহী বলেও প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় কোম্পানির ৫০ জন ব্যবসায়ী নির্বাহীর সমন্বয়ে গঠিত এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউএস চেম্বার অব কমার্সের সভাপতি অতুল কেশপ বলেন, বাংলাদেশের মানুষের মেধা ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা সম্ভব। মার্কিন বেসরকারি খাত এখানে বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে সর্বোচ্চ বৈদেশিক সরাসরি বিনিয়োগকারী (এফডিআই) দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য গোষ্ঠীগুলো অত্যন্ত গর্বিত এবং কয়েক দশক ধরে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও রাজস্ব সৃষ্টিতে কাজ করে আসছে।
সরকারের পক্ষ থেকে সামষ্টিক অর্থনীতির প্রধান সূচকগুলো সুসংহত রাখা এবং ব্যবসায়িক পরিবেশ সহজীকরণের জন্য মার্কিন বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। এই আলোচনা ও আশ্বাস যুক্তরাষ্ট্রের ইউএস চেম্বার অব কমার্স এবং সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে ধরা হবে বলে জানান প্রতিনিধিদলের প্রধান।
প্রতিনিধিদলের নেতারা আশা প্রকাশ করেন যে, সরকার ও দেশের জনগণের সাথে বিদ্যমান অর্থনৈতিক অংশীদারিত্ব আগামী দিনে আরও প্রসারিত হবে। বিশেষ করে প্রযুক্তিনির্ভর শিল্প, জ্বালানি, এবং অবকাঠামো উন্নয়ন খাতে মার্কিন প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশকে কাঙ্ক্ষিত ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে নিতে সহায়ক হবে।
অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ