প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বৃহস্পতিবার বক্তৃতা করেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৃহস্পতিবার বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান।
স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন সরকারপ্রধান।
সেখানে তারেক রহমান ও তার সহধর্মিণীকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে জন এফ কেনেডি বিমানবন্দরের টার্মিনালের বাইরে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রবাসী নেতাকর্মীরা সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
৩৫ সদস্যের প্রতিনিধি দলে আছেন সরকারপ্রধানের সহধর্মিণী জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অংশ নেওয়া সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজ এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ছাড়াও রোহিঙ্গা সংকট, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন এবং মাতৃ ও নবজাতকের মৃত্যু সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
পাকিস্তানিদের আত্মসমর্পণ কী ফোয়ারার পানিতে ধুয়ে যাবে?
মরিয়মের মৃত্যু ও জনতার আদালত নিয়ে ক্রমবর্ধমান ঝুঁকি
বাপি শাহরিয়ারের স্মৃতি, মেহেদীর মৃত্যু এবং ‘আলালের ঘরের দুলাল’
‘ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটান নিরুপায় জাতিসংঘ’

