জাতীয় ডেস্ক
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ রবিবার (১৬ আগস্ট) দিনব্যাপী কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়কপথে ঢাকা থেকে রওয়ানা হয়ে তিনি কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, সকালে প্রধানমন্ত্রী প্রথমে পাকুন্দিয়া উপজেলায় পৌঁছাবেন। সেখানে বেলা সাড়ে ১১টায় মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ এবং স্থানীয় মৎস্যচাষিদের মাঝে পোনা বিতরণ করবেন। এরপর তিনি কটিয়াদী উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। দুপুর ১টায় কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে প্রধান অতিথি হিসেবে ‘জাতীয় মৎস্যপক্ষ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং সফল মৎস্যজীবীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এবারের জাতীয় মৎস্যপক্ষের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।
দুপুরের পর কিশোরগঞ্জ সদরে নির্ধারিত কর্মসূচিতে যোগ দেবেন সরকারপ্রধান। বিকেল ৪টায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকায় এবং কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এছাড়া একই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অনুদান এবং স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে সম্মানীর চেক হস্তান্তর করার কথা রয়েছে। দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।


