স্ত্রীর মামলায় জামিন পেলেন প্রিন্স মামুন, মুক্তিতে বাধা নেই

স্ত্রীর মামলায় জামিন পেলেন প্রিন্স মামুন, মুক্তিতে বাধা নেই

আইন আদালত ডেস্ক

স্ত্রীর দায়ের করা পৃথক দুটি মামলায় জামিন পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। ঢাকার পৃথক দুটি আদালত রবিবার দুপুরে সংশ্লিষ্ট মামলাগুলোতে তার জামিন মঞ্জুর করায় কারামুক্তিতে আইনগত আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
আইনজীবী সূত্রে জানা যায়, শারীরিক নির্যাতন ও যৌতুক দাবির মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি আসামির এক হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দাখিল হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। অন্যদিকে, ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে ভাটারা থানায় দায়ের করা অপর মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট বিচারক তার জামিন আবেদন গ্রহণ করেন।
প্রিন্স মামুনের আইনজীবী অ্যাডভোকেট পলাশ রায় গণমাধ্যমকে জানান, আসামির বিরুদ্ধে নতুন কোনো মামলা বা পরোয়ানা না থাকায় কারাগার থেকে মুক্ত হতে আর কোনো আইনি জটিলতা রইল না।
মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে প্রিন্স মামুনের স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা রাজধানীর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গত ২৪ জুলাই মামুনকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগের দিন ২৩ জুলাই গভীর রাতে রাজধানীর ভাটারা এলাকার নিজ বাসায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান মামুন। ওই ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আত্মহত্যার চেষ্টার অভিযোগে ভাটারা থানায় আরেকটি পৃথক মামলা করেন।
পরবর্তীতে ২৫ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান আসামিকে আত্মহত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আবেদন করেন। সংশ্লিষ্ট আদালত ২৯ জুলাই আসামির উপস্থিতিতে শুনানি শেষে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ প্রদান করেছিলেন।
রবিবার উভয় মামলার শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি তুলে ধরেন এবং জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত উভয় মামলায় শর্তসাপেক্ষে মামুনের জামিন মঞ্জুর করেন। জামিন আদেশের নথিপত্র কারাগারে পৌঁছানোর পর নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে তিনি কারামুক্ত হবেন।
আইন আদালত শীর্ষ সংবাদ