ওমরাহ পালন করলেন জাতীয় নাগরিক পার্টির আসিফ মাহমুদ

ওমরাহ পালন করলেন জাতীয় নাগরিক পার্টির আসিফ মাহমুদ

রাজনীতি ডেস্ক
পবিত্র ওমরাহ পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং দলটির আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মক্কায় পৌঁছানোর পর সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে তিনি ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। শনিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে একটি ফ্লাইটে স্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা হন আসিফ মাহমুদ। ওই দিন রাতেই তারা পবিত্র নগরী মক্কায় পৌঁছান এবং ওমরাহর যাবতীয় রীতিনীতি সম্পন্ন করেন। ওমরাহ পালনের সময় নেতারা দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও সামগ্রিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
আসিফ মাহমুদের এই ধর্মীয় সফরে এনসিপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের একাধিক শীর্ষ পর্যায়ের নেতা অংশ নিয়েছেন। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন দলের কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন প্রতিনিধি।
ওমরাহ কার্যক্রম সম্পন্নের পর প্রতিনিধি দলটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত মক্কার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বাস্তব পরিস্থিতি এবং সার্বিক খোঁজখবর নেওয়ার অংশ হিসেবে স্থানীয় প্রবাসীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতেও মিলিত হন আসিফ মাহমুদ। এ সময় প্রবাসীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও তাদের অবদানের বিষয়ে আলোচনা হয়।
বর্তমানে এনসিপির এই মুখপাত্র পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। নির্ধারিত সফরসূচি অনুযায়ী, মক্কার কর্মসূচি শেষে তিনি ও তার সফরসঙ্গীরা পবিত্র নগরী মদিনা মুনাওয়ারার উদ্দেশে যাত্রা করবেন। সেখানে মসজিদে নববীতে রওজা মোবারক জিয়ারত এবং অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সফরসূচি অনুযায়ী, যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।
রাজনীতি শীর্ষ সংবাদ