জাতীয় ডেস্ক
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার গৃহীত কর্মপরিকল্পনা দ্রুতগতিতে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, মন্ত্রণালয়ের কাঠামোগত আমূল পরিবর্তন প্রয়োজন এবং প্রতিটি দপ্তরের জন্য প্রণীত পৃথক পৃথক পরিকল্পনা বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়।
রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমানের সঙ্গে মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর-সংস্থার প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, অতীতে বহু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের পর তা বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দেখা গেছে। কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়নের অগ্রগতি যথাযথভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এই ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে এখন থেকে প্রতিটি কার্যক্রম অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার তাগিদ দেন তিনি।
ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, নবনিযুক্ত মন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা এবং মন্ত্রণালয়ের নিজস্ব সমন্বিত পরিকল্পনা অনুযায়ী সব কর্মসূচি যথাসময়ে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গণমাধ্যমের আধুনিকায়নের ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ বেতার ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনসহ (বিএফডিসি) মন্ত্রণালয়ের আওতাধীন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়ন দ্রুত সম্পন্ন করা জরুরি। এসব প্রতিষ্ঠান সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং তাদের কার্যক্রম সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছায়। ফলে এগুলোর সক্ষমতা ও প্রযুক্তিগত মান বৃদ্ধি পেলে সামগ্রিকভাবে মন্ত্রণালয়ের কার্যকারিতা ও সুনাম আরও বৃদ্ধি পাবে।
তিনি আরও জানান, মন্ত্রণালয়ের কার্যকর প্রচার কার্যক্রমের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নীতি জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরা সম্ভব। এর মাধ্যমে রাষ্ট্রীয় কার্যক্রম সম্পর্কে জনমনে ইতিবাচক ও স্বচ্ছ ধারণা তৈরি হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদ্যমান বিধিবিধান ও প্রশাসনিক নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।
অনুষ্ঠানে নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমানকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তিনি অত্যন্ত পরিচিত ও সুসংগঠক ব্যক্তিত্ব। একইসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও কর্মসম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, একই মন্ত্রণালয়ে যৌথভাবে কাজ করার এই সুযোগ মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডে বাড়তি গতি সঞ্চার করবে।
পরিচিতি সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য সচিব মাহবুবা ফারজানা বক্তব্য রাখেন।
এর আগে নবনিযুক্ত মন্ত্রী আন্দালিব রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। পরবর্তীতে মন্ত্রণালয় এবং অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের পক্ষ থেকেও তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


