জাতীয় ডেস্ক
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সৌজন্য সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকার কথা রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সাক্ষাতকালে দেশের সার্বিক নির্বাচনী পরিবেশ, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতে পারে কমিশন। এছাড়া সাংবিধানিক এই প্রতিষ্ঠানের নিয়মিত কাজের অগ্রগতি এবং আগামী দিনগুলোর কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হয়ে দেশের ২৩তম রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে এটিই নির্বাচন কমিশনের প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠ টির আলোচ্যসূচি নিয়ে নির্বাচন কমিশন বা বঙ্গভবনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।


