সারাদেশ ডেস্ক
দেশে রাসায়নিক সারের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ থাকা সত্ত্বেও ডিলারদের একটি অংশের অনিয়মের কারণে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সার নিয়ে কোনো ধরনের গুজব বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা বরদাস্ত করা হবে না এবং এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে প্রশাসন ও জেলার নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পঞ্চগড় জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় বক্তৃতাকালে প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের উৎপাদিত সোনালী ফসল রক্ষায় সারের সুষম ও সময়মতো সরবরাহ নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে মাঠপর্যায়ে কিছু অসাধু ডিলার কৃষকদের মধ্যে যথাযথভাবে সার বিতরণ না করায় একশ্রেণির মধ্যস্বত্বভোগী ও ডিলার কৃত্রিম সংকট তৈরি করছেন। এর ফলে ক্ষুদ্র কৃষকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সার বিতরণ ব্যবস্থার চলমান এই সংকট নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান, বিতরণ ব্যবস্থাকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে শূন্য পদগুলোতে দ্রুত নতুন ডিলার নিয়োগ করা হবে। এছাড়া কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়ার লক্ষে ইউনিয়নভিত্তিক ডিলারশিপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
পঞ্চগড় জেলার ভূপ্রকৃতি ও কৃষিজমির বিশেষ চাহিদার কথা উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, এই অঞ্চলে প্রায় ১০ হাজার একর জমিতে চা চাষ হয়ে থাকে, যা দেশের চা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চা বাগানগুলোতে পর্যাপ্ত ও নিয়মিত সারের বাড়তি চাহিদা রয়েছে। পাশাপাশি, পঞ্চগড়ে উল্লেখযোগ্য পরিমাণে আলুসহ অন্যান্য শীতকালীন ও বর্ধিত ফসল আবাদ করা হয়। এসব কৃষিপণ্যের উৎপাদন ও ফলন যাতে ব্যাহত না হয়, সেজন্য স্থানীয় চাহিদার কথা বিবেচনা করে অতিরিক্ত সার সরবরাহের কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
সার ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সতর্ক করে দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, সারের সঠিক সরবরাহ, পর্যাপ্ত মজুদ এবং সুশৃঙ্খল বিতরণ ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর মনিটরিং চালাতে হবে। সার ডিলারদের জবাবদিহিতা নিশ্চিত না হলে তাদের লাইসেন্স বাতিলসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলার বিভিন্ন এলাকার সার ডিলার ও প্রতিনিধিরা। সভায় জেলার সার্বিক সার পরিস্থিতি, মজুদ এবং ডিলারদের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


