দশমিনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর

দশমিনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর

রাজধানী ডেস্ক
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে বিন্দুুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি স্পষ্ট করে বলেছেন, এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, গুন্ডামি, বদমাশি কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা কোনোভাবেই পার পাবে না। আইন সবার জন্য সমান এবং অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিলিং ফ্যান, ওয়াটার ফিল্টার ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ও জবরদখল সংস্কৃতির তীব্র সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘দলিল যার, জমি তার—এই নীতিতেই প্রশাসন ও সমাজ পরিচালিত হবে। অতীতে আমরা দেখেছি যাদের শক্তি ও প্রভাব বেশি, তারাই অন্যের জমি জবরদখল করে ভোগ করেছে। নিজের বৈধ এক একর জমি থাকার পরও পার্শ্ববর্তী মানুষের আরও দেড় একর জমি দখল করে খাওয়ার মানসিকতা আর চলতে দেওয়া হবে না। সাধারণ মানুষের সম্পত্তির অধিকার রক্ষা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’
রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে অপরাধ দমনের ওপর বিশেষ জোর দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে কে কার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন কিংবা কার সঙ্গে কার ছবি রয়েছে, সেটি কোনো বিচার্য বিষয় নয়। অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। দলীয় প্রভাব খাটিয়ে বা দলীয় পরিচয়ের আড়ালে কেউ অপরাধ করার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। দলীয় শৃঙ্খলা ও সুশাসন বজায় রাখতে স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহ আলম সিকদার, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন এবং মো. মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রতিমন্ত্রী দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারগুলোর হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে সিলিং ফ্যান, নিরাপদ পানির জন্য ওয়াটার ফিল্টার ও শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী হস্তান্তর করেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রতিমন্ত্রীর এ ধরনের কঠোর হুঁশিয়ারি ও পরিষ্কার অবস্থান দশমিনা অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় একটি ইতিবাচক বার্তা বহন করবে। বিশেষ করে ক্ষমতার অপব্যবহার করে জমি দখল এবং মাদক কারবারিদের দৌরাত্ম্য বন্ধে এই ঘোষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
জাতীয় শীর্ষ সংবাদ