নওগাঁর আত্রাইয়ে বসতঘরের সিলিং ফ্যান থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে বসতঘরের সিলিং ফ্যান থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

সারাদেশ ডেস্ক

নওগাঁর আত্রাইয়ে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সাথী খাতুন (২২) নামের এক তরুণী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার শাহাগোলা ইউনিয়নের বড়-রসুলপুর জেলেপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাথী ওই গ্রামের প্রবাসী প্রেম কুমারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ বসতঘরে ঘুমাতে যান সাথী। রবিবার সকালে তার শাশুড়ি গৃহস্থালির কাজে পানি আনতে যাওয়ার সময় সাথীকে ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তার মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে শাশুড়ির আত্মচিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সাথীর মরদেহ ঝুলতে দেখতে পান।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত বিষয়টি আত্রাই থানাকে অবহিত করেন। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি নামিয়ে আনে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

শীর্ষ সংবাদ সারাদেশ