রাজধানীর যানজট নিরসনে সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার

রাজধানীর যানজট নিরসনে সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার

রাজধানী ডেস্ক
রাজধানীর দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে— আগামী চার মাসের মধ্যে নগরীর এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু করা। এর মাধ্যমে টোল আদায় প্রক্রিয়া দ্রুত ও ডিজিটালাইজড হবে, যা যানজট হ্রাসে ভূমিকা রাখবে। এছাড়া ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগরীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা কারওয়ান বাজারের কিচেন মার্কেট দ্রুত গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ করে এর সামগ্রিক সক্ষমতা বাড়ানো হবে। সচিবালয় এবং এর পার্শ্ববর্তী এলাকায় অতিরিক্ত যানজট কমাতে বিকল্প পার্কিং ব্যবস্থার চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া যত্রতত্র অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে একটি পৃথক ও সময়োপযোগী নীতিমালা প্রণয়ন করা হবে।
বৈঠকে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল সরকারি ও সেবা প্রদানকারী সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করে নির্ধারিত সময়ের মধ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
রাজধানী শীর্ষ সংবাদ