অর্থ বাণিজ্য ডেস্ক
‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত মর্যাদাপূর্ণ র্যামন ম্যাগসাইসাই পুরস্কার ২০২৬ অর্জন করেছেন বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান। সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে এ বছরের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন, পরিবেশগত সংক মোকাবিলা এবং টেকসই সামাজিক উদ্যোক্তা হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাইয়ের স্মৃতির স্মরণে ১৯৫৮ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হয়ে আসছে। প্রেসিডেন্ট ম্যাগসাইসাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ৩১ আগস্ট ম্যানিলা থেকে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। এ বছর ম্যাগসাইসাইয়ের ১১৯তম জন্মবার্ষিকীতে ৬৮তম র্যামন ম্যাগসাইসাই পুরস্কারের ঘোষণা দেওয়া হলো। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। রুনা খানের সঙ্গে ২০২৬ সালে এই পুরস্কার পেয়েছেন সিঙ্গাপুরের টমি কোহ ও মিয়ানমারের বো চি।
র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের বিজয়ীদের এমন সব কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে যা সমাজসেবা, জনহিতৈষী নেতৃত্ব এবং মানুষের নিজস্ব ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মূলত ফিলিপাইনের প্রয়াত প্রেসিডেন্টের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে যারা সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছেন, তাদেরই এই সম্মাননার জন্য নির্বাচন করা হয়। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে সুনির্দিষ্ট কিছু ক্যাটাগরির পরিবর্তে সামগ্রিক অবদানের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
২০০২ সালে রুনা খান ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি বাংলাদেশের দুর্গম ও নদীভাঙন কবলিত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং অর্থনৈতিক মুক্তি অর্জনে কাজ করে যাচ্ছে। বিশেষ করে চরাঞ্চলের অবহেলিত মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ফ্রেন্ডশিপের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। রুনা খানের এই অর্জন বাংলাদেশের সামাজিক উন্নয়ন খাতের জন্য একটি বড় স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


