প্রবাস ডেস্ক
কানাডার ক্যালগেরিতে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে চার দিনব্যাপী আয়োজিত আন্তর্জাতিক বহুসাংস্কৃতিক উৎসব ‘গ্লোবাল ফেস্ট’ ২০২৬-এ অংশ নিয়েছে বাংলাদেশ। ‘বিসিসি’-র উদ্যোগে আয়োজিত এই উৎসবে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়। উৎসব প্রাঙ্গণে নির্মিত বাংলাদেশ প্যাভিলিয়নটি দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন উপাদানে সুসজ্জিত করা হয়, যা ক্যালগেরির বহুজাতিক দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল ও আকর্ষণের সৃষ্টি করে।
উৎসবের দিনগুলোতে বাংলাদেশ প্যাভিলিয়নে প্রবাসী দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন ভাষাভাষী ও সংস্কৃতির মানুষের সমাগমে মুখর এই আয়োজনে বাংলাদেশের শিল্পীরা নাচ, গান ও নান্দনিক পরিবেশনার মাধ্যমে দেশের কৃষ্টি ফুটিয়ে তোলেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেয়। ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির পাশাপাশি দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও পেক্ষাপট নানা পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয়।
কানাডার অন্যতম বৃহৎ এই লোকজ ও বহুসাংস্কৃতিক উৎসবের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন জাতির মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন দৃঢ় করা, বৈচিত্র্যকে সমর্থন জানানো এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমতার মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। সমাপনী দিনে আতশবাজি প্রদর্শনীর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক দলের মনোজ্ঞ পরিবেশনা উৎসবে এক ভিন্ন মাত্রা যোগ করে।
আয়োজকদের মতে, বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা ও ঐতিহ্য তুলে ধরার এই প্রয়াস দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসী নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগিয়ে তোলা এবং কানাডার মূলধারার সমাজের সঙ্গে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরির ক্ষেত্রে এ ধরনের আন্তর্জাতিক উৎসবগুলো কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ভবিষ্যতেও প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি প্রসারে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। এই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও কানাডার জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।


