পদ্মা ব্যারেজে ২৪ জেলার মানুষ উপকৃত ও দেশের অর্থনীতি চাঙ্গা হবে : পানি সম্পদমন্ত্রী

পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার মানুষ উপকৃত এবং দেশের অর্থনীতি চাঙ্গা হবে।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ায় পদ্মা ব্যারেজ প্রকল্পভুক্ত গড়াই অফটেক স্ট্রাকচার নির্মাণের স্থান পরিদর্শনে এসে গণমাধ্যমকে পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এ কথা বলেন।

পানি সম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বে একেনেকে এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হবে।

পানি সম্পদমন্ত্রী আরও বলেন, এই অঞ্চলে বর্ষায় নদী ভাঙন ও বন্যায় মানুষের বিপুল ক্ষয়ক্ষতি হয়। আবার শুষ্ক মৌসুমে নদীতে লবণাক্ততা বেড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় উপকূল ভাগের জীববৈচিত্র্য। সব দিক বিবেচনায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে অন্তত ২৪টি জেলার মানুষ উপকৃত হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতি চাঙ্গা হবে। প্রকল্পের কাজ শেষ হতে সাত বছর লাগবে বলেও জানান মন্ত্রী।

এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ পানি সম্পদ মন্ত্রালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী কুষ্টিয়ায় পদ্মা থেকে গড়াই নদীর উৎপত্তি স্থলে এই প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা মন্ত্রীর সামনে প্রকল্পের খুঁটিনাটি বিষয় তুলে ধরেন।

কর্মকর্তারা বলেন, গড়াই নদীর উৎসমুখে অফটেক চ্যানেলে জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হবে। এতে সারা বছর এখানে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। পাশাপাশি এই চ্যানেলের মাধ্যমে শুষ্ক মৌসুমে একটি নির্দিষ্ট পরিমাণ পানি গড়াই নদীতে প্রবাহিত হবে। এ ছাড়া দৌলতপুরে পদ্মা নদী থেকে উৎপত্তি হওয়া হিসনা নদীও এই প্রকল্পের আওয়তায় রয়েছে।

জাতীয়